আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশে থাকা স্থল গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে সরে দুর্বল হয়ে বর্তমানে ছত্তিশগড় ও আশপাশের এলাকায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিমে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। দেশে বৃষ্টি কমার সঙ্গে আগামী কয়েক দিনে তাপমাত্রা ও ভ্যাপসা গরম বাড়ার আশঙ্কা রয়েছে।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় ছিল ৩২.৮ ডিগ্রি। সারাদেশে বৃষ্টির প্রবণতা কমে আসে; পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বোচ্চ ৫১ মিলিমিটার এবং ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টি হয়। বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও রংপুর বিভাগে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি ছিল।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, শনিবার রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশালের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে, তবে সামগ্রিকভাবে বৃষ্টি কমে তাপমাত্রা বাড়তে পারে। পূর্বাভাসে সপ্তাহের শেষভাগে চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়ার ইঙ্গিত রয়েছে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে অধিদপ্তর।