কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন জোরদারে বাংলাদেশ ও চীন নয়টি ক্ষেত্রে সহযোগিতায় ঐকমত্যে পৌঁছেছে। বৃহস্পতিবার রাতে চীনের তিয়ানজিনে ২০২৬ সালের ওয়ার্ল্ড ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ডেভেলপমেন্ট কনফারেন্সের সাইডলাইনে দুই দেশের শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন এবং চীনা দলের নেতৃত্ব দেন উপশিক্ষামন্ত্রী রেন ইয়ৌছুন।
মিলন বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা শক্তিশালী করা এবং কারিগরি শিক্ষার্থীদের জন্য টেকসই কর্মসংস্থান তৈরির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি দেশব্যাপী চীনা মানদণ্ডভিত্তিক ডিপ্লোমা ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠায় সহযোগিতা চান। তাঁর প্রস্তাবের মধ্যে কারিগরি প্রতিষ্ঠানে স্মার্ট ক্লাসরুম, কারিগরি কলেজে চীনা ভাষা ও দক্ষতা উন্নয়ন কোর্স এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে চীনা ভাষা কেন্দ্র অন্তর্ভুক্ত ছিল।
রেন ইয়ৌছুন প্রস্তাবগুলোর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে শিক্ষা উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সমঝোতার ক্ষেত্রগুলোর মধ্যে যৌথ টিভিইটি দল, মডেল কলেজ, বিদ্যমান কলেজ মূল্যায়ন, শিল্প-শিক্ষা অংশীদারত্ব, শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা এবং আনুষ্ঠানিক পর্যবেক্ষণ ব্যবস্থা রয়েছে। এতে ইন্টার্নশিপ, আনুষ্ঠানিক সনদ, কর্মসংস্থানের পথরেখা, পাঠ্যক্রম উন্নয়ন ও জাতীয় দক্ষতা সনদায়নও অন্তর্ভুক্ত।