সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভুয়া শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সতর্ক করেছে ইসলামিক ফাউন্ডেশন। সংস্থাটি জানিয়েছে, ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগ ২০২৬’ শিরোনামের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া এবং এর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কোনো সম্পর্ক নেই। রবিবার (৮ মার্চ ২০২৬) ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতারক চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভুয়া বিজ্ঞপ্তি ব্যবহার করে নিয়োগের প্রলোভন দেখিয়ে জনগণকে প্রতারণা করছে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, তাদের যেকোনো নিয়োগ বিজ্ঞপ্তি কেবল অফিসিয়াল ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়।
সংস্থাটি সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রতারক চক্রের সঙ্গে কোনো আর্থিক লেনদেন না করার অনুরোধ জানিয়েছে।