হবিগঞ্জের লাখাই উপজেলার ফুলবাড়ি গ্রামের একটি ডোবা থেকে মঙ্গলবার রাতে ২১ বছর বয়সী তারেক আহমেদের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার আচরণে সন্দেহ হওয়ায় স্থানীয়রা তারেকের বাল্যবন্ধু সায়েল মিয়াকে আটক করে পুলিশের কাছে দেন। পুলিশ জানিয়েছে, সায়েল প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইফোনের জন্য তারেককে হত্যার কথা স্বীকার করেছেন।
নবীগঞ্জ উপজেলার চৌশতপুর গ্রামের মহব্বত উল্লার ছেলে তারেক এবং একই গ্রামের নুরুজ্জামানের ছেলে সায়েল কয়েক দিন আগে নির্মাণশ্রমিকের কাজ করতে ফুলবাড়ি গ্রামে যান। তারেক নিখোঁজ হওয়ার পর গত ২৫ অক্টোবর তার বাবা নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার বিকেলে সায়েল বাড়িতে ফেরার পর গ্রামবাসীর সন্দেহ হয় এবং তারা পুলিশকে খবর দেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাতে আইফোন নেওয়ার উদ্দেশ্যে ঘুমন্ত তারেককে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে লাশ ডোবায় গুম করে সেখান থেকে পালিয়ে যান সায়েল। তিনি তারেকের ৫০ হাজার টাকার আইফোন ১৫ হাজার টাকায় বিক্রি করেছেন বলেও পুলিশকে জানিয়েছেন। ওসি আবুল হোসেন বলেন, মামলা দায়েরের পর তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।