ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বৃদ্ধি ও চা রপ্তানির চাহিদা কমে যাওয়ায় শ্রীলঙ্কার চা-শিল্প মারাত্মক সংকটে পড়েছে। হ্যাটন অঞ্চলের ডানকেল্ড চা-বাগানের শ্রমিক জাসিন্থা ম্যালার জানান, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তারা এখন কাঠের খড়ি দিয়ে রান্না করতে বাধ্য হচ্ছেন। রপ্তানি কমে যাওয়ায় তার মতো অনেক শ্রমিকই অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
রপ্তানি উন্নয়ন বোর্ডের (ইডিবি) তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ মাসে চা রপ্তানি আয় গত বছরের তুলনায় ১৭ দশমিক ৩ শতাংশ কমে ১১৪ দশমিক ৭৫ মিলিয়ন ডলারে নেমে এসেছে। ইরাক থেকে চাহিদা ৩৮ শতাংশ এবং সংযুক্ত আরব আমিরাতে রপ্তানি প্রায় ৯৩ শতাংশ হ্রাস পেয়েছে, যা নৌ ও পরিবহন সংকটের ফল।
দিলমাহ সিলন টি কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী দিলহান ফার্নান্দো বলেন, জ্বালানি ও লজিস্টিকস ব্যয় বৃদ্ধির ফলে কলম্বো থেকে দুবাই পর্যন্ত সব রুটেই মূল্যস্ফীতি বাড়ছে।