বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ২০২৪ সালের জুলাই মাসের ছাত্র আন্দোলনে নিহতদের দায় স্বীকার করেছেন। সোমবার কলকাতায় বিজেপিঘনিষ্ঠ সাংস্কৃতিক সংগঠন ‘খোলা হাওয়া’ আয়োজিত এক বই প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই স্বীকারোক্তি দেন। জয় বলেন, আন্দোলনে নিহত নিরপরাধ ছাত্র ও সাধারণ মানুষের মৃত্যুর সম্পূর্ণ দায় তিনি নিচ্ছেন। তিনি কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি ন্যায্য বলে উল্লেখ করেন এবং বিষয়টি সরকারের ব্যর্থতা হিসেবে স্বীকার করেন, যদিও আন্দোলনের নেপথ্যের ষড়যন্ত্র নিয়ে নিজের অবস্থান অপরিবর্তিত রাখেন।
জয়ের বক্তব্যে উঠে আসে শেখ হাসিনার একটি অডিও রেকর্ডের প্রসঙ্গ, যা তার দাবি অনুযায়ী প্রমাণ করে যে জঙ্গিরা থানায় হামলা চালিয়ে সহিংসতার সূচনা করেছিল। তিনি বলেন, সরকার বা পুলিশ আগ বাড়িয়ে সহিংসতা শুরু করেনি, বরং কট্টরপন্থিরাই গোলমালের সূত্রপাত ঘটায়। আসন্ন ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন প্রসঙ্গে জয় বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে আয়োজিত এই ভোট একতরফা এবং প্রহসনমূলক। তার মতে, বিএনপি ও জামায়াতের মধ্যে এটি দ্বিমুখী লড়াইয়ে পরিণত হয়েছে।
তিনি সতর্ক করেন, জামায়াতের প্রভাব ভারতের পূর্ব সীমান্তের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এবং আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন।