আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রোববার সাবেক আইজিপি বেনজীর আহমেদের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতা রিফাত নিলয় জোয়ার্দারকে ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে সংঘটিত গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে। একই সঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ জুলাই তারিখ নির্ধারণ করা হয়েছে। সকালে কারাগার থেকে রিফাতকে ট্রাইব্যুনালে হাজির করা হলে প্রসিকিউশন তার গ্রেপ্তার দেখানোর আবেদন করে।
প্রসিকিউশন সূত্রে জানা যায়, রিফাত নিলয়ের প্রত্যক্ষ নির্দেশনা ও প্রশ্রয়ে মো. মশিউর রহমানসহ একাধিক ব্যক্তিকে ডিজিএফআইয়ের নিয়ন্ত্রণাধীন গোপন বন্দিশালায় আটক রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় দেশজুড়ে পদ্ধতিগতভাবে গুম–খুনের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।
ধানমন্ডি থানার অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা রিফাত বেনজীর আহমেদের মালিকানাধীন ঢাকার একাধিক ফ্ল্যাটের ভাড়া সংগ্রহের দায়িত্বে ছিলেন এবং তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।