ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ বুধবার (১ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকায় সমন্বিত উচ্ছেদ অভিযান পরিচালনা করে এক লাখ ৯২ হাজার টাকা জরিমানা ও ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ, মালামাল জব্দ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় বলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ট্রাফিক লালবাগ, ওয়ারী, রমনা, মিরপুর, মতিঝিল, তেজগাঁও, গুলশান ও উত্তরা বিভাগ পৃথকভাবে অভিযান পরিচালনা করে। কোতয়ালী এলাকায় ১৩ জনকে গ্রেপ্তার ও সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী মামলা করা হয়। ওয়ারীতে সাত ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। রমনা এলাকায় অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ৪৯টি ভিডিও মামলা ও ১০টি তাৎক্ষণিক মামলা দেওয়া হয় এবং তিন পিকআপ পরিমাণ মালামাল জব্দ করা হয়। অন্যান্য এলাকায়ও ১৫ হাজার থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত জরিমানা ও সতর্কতা প্রদান করা হয়।
পুলিশ জানায়, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।