ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীদের জন্য শুক্রবার, ১৬ অক্টোবর মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম সংগ্রহ করা যাবে। বৃহস্পতিবার বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসন ৩২৩, অর্থাৎ মহিলা-২৩ আসনের উপনির্বাচন আগামী ১২ নভেম্বর, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। মনোনয়নপ্রত্যাশীদের পূরণ করা দলীয় মনোনয়ন ফরম ১৭ অক্টোবর একই স্থানে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।
ঢাকার মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তৎকালীন সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। পরে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। এর পর আসনটি শূন্য ঘোষণা করা হয়।