যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বলেছেন, তৃণমূল থেকে মেধাবী খেলোয়াড় শনাক্ত এবং তরুণদের মাদকমুক্ত, শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে দৃঢ় রাখতে খেলাধুলার মাধ্যমে বড় সামাজিক বিপ্লব ঘটাতে চায় সরকার। তিনি জানান, নতুন প্রতিভা বিকাশ ও তরুণদের সুস্থতা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
প্রতিমন্ত্রী বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকেই সরকার ক্রীড়া ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিয়ে আসছে। গত ৫ নভেম্বর প্রধানমন্ত্রী খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে ৫০৩টি উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনে নতুন ক্রীড়া আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ কার্যক্রমের আওতায় প্রায় ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্ব শেষ করে আগামী জুনের মধ্যে প্রতিযোগিতার জাতীয় পর্ব সম্পন্ন করা হবে। গ্রামীণ ও ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ নির্মাণ ও সংস্কারের উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান তিনি। তাঁর মতে, ধারাবাহিক পদক্ষেপের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপযোগী ক্রীড়া পরিবেশ গড়ে তুলে দেশের ক্রীড়াঙ্গনকে পেশাদারিত্বের উচ্চতায় নেওয়া সম্ভব হবে।