যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরান দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যেখানে মধ্যস্থতা করেছে পাকিস্তান। এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে। তেহরান জানিয়েছে, এখন থেকে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে যাতায়াত করা যাবে। যুদ্ধবিরতির ঘোষণায় দীর্ঘদিনের সংঘাতের মধ্যে সাময়িক শান্তির পরিবেশ তৈরি হয়েছে।
ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ আশা প্রকাশ করেছেন, মহান আল্লাহ যেন এই যুদ্ধবিরতিকে স্থায়ী করেন এবং বিশ্ববাসীকে জুলুম ও আগ্রাসন থেকে মুক্তি দেন। তিনি ৮ এপ্রিল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
বাংলাদেশ এই সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে বলেছে, সব পক্ষ যেন যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখায় এবং স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গঠনমূলকভাবে কাজ করে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কূটনৈতিক প্রচেষ্টায় জড়িত সব পক্ষকে সাধুবাদ জানিয়েছে এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে।