পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ইউনিক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নূর আলী ও তার প্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা দায়ের করেছে। বনানী থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর অধীনে দায়ের করা এই মামলাটি ডিএনসিসি নিয়ন্ত্রিত সরকারি জমিতে নির্মিত ‘বনানী সুপার মার্কেট কাম হাউজিং’ প্রকল্পে অনিয়ম, প্রতারণা ও অর্থপাচারের অভিযোগে করা হয়।
সিআইডির প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ১৪ তলা ভবনের অনুমোদন থাকলেও বোরাক রিয়েল এস্টেট অনুমতি ছাড়াই ২৮ তলা ভবন নির্মাণ করে এবং সেখানে ফাইভ স্টার হোটেল ‘শেরাটন’ প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠানটি নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ না করে ও ডিএনসিসিকে প্রাপ্য অংশ না দিয়ে বিভিন্ন সময়ে প্রভাব খাটিয়ে চুক্তি সংশোধন করেছে। রাজউক ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদন না নেওয়ায় ভবনটির উচ্চতা বিমান চলাচলে ঝুঁকি তৈরি করেছে বলে মামলায় উল্লেখ রয়েছে।
অভিযোগে বলা হয়েছে, অনুমোদনহীন ভবনে হোটেল ব্যবসা চালিয়ে অভিযুক্তরা অবৈধভাবে ১১৫ কোটি ৫৮ লাখ টাকার বেশি আয় করে তা পাচার করেছে। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম বিভাগ মামলাটির তদন্ত অব্যাহত রেখেছে।