বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের মর্যাদাপূর্ণ ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন। সোমবার দুপুরে সচিবালয়ে জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি ইসাবেল বিশপের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ এবং বিপুলসংখ্যক রোহিঙ্গার দীর্ঘমেয়াদি অবস্থান পরিবেশ ও প্রতিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট এলাকার সামগ্রিক আর্থসামাজিক অগ্রগতির ক্ষেত্রেও এই পরিস্থিতি বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
বিশেষ দূত দীর্ঘদিন রোহিঙ্গাদের আশ্রয় ও আতিথেয়তা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের মানবিক অবস্থান অব্যাহত রাখার আহ্বানও জানান তিনি। বাংলাদেশের অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন বিশেষ দূত। বৈঠকে সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ও শরণার্থী সেলের প্রধান মোহাম্মদ নাজমুল আবেদীন উপস্থিত ছিলেন।