Web Analytics
গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের আন্দোলন মঙ্গলবার আরও বিস্তৃত হয়। গাজীপুর সদর, শ্রীপুর, কোনাবাড়ী, জরুন, মৌচাক, তেলিরচালা, ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, টঙ্গী ও গাছাসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একাধিক স্থানে যান চলাচল বন্ধ বা ব্যাহত হয়। কয়েকটি স্থানে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার পর পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

সর্বনিম্ন মজুরি নির্দিষ্ট না হওয়ায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কোথাও বেতন বৃদ্ধির দাবিও ওঠে। কোনাবাড়ীতে ইসলাম গার্মেন্টসে একজন শ্রমিকের মৃত্যুর গুজব ছড়ালে নতুন করে বিক্ষোভ শুরু হয়। তবে কোনাবাড়ী মেট্রো থানার ওসি ইফতেখার হোসেন শ্রমিক মৃত্যুর খবরটি গুজব বলে জানান। টঙ্গীর গাজীপুরা এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকদের একটি অংশ ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, আগে বন্ধ থাকা ৪৩টির সঙ্গে মঙ্গলবার নতুন তিনটি কারখানা যুক্ত হয়ে মোট ৪৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। অন্তত অর্ধশতাধিক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, অন্তত ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বিভিন্ন এলাকায় সমন্বিত বাহিনীর তৎপরতায় যান চলাচল স্বাভাবিক করা হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।