‘টাকা মাত্র দশ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ প্রতিপাদ্যে গাইবান্ধায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) জেলা শাখার ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় শহরের মধ্যপাড়ার এম.এন কনভেনশন হলে আয়োজিত এ সমাবেশের লক্ষ্য ছিল নতুন উদ্যোক্তা তৈরি, স্থানীয় শিল্প ও বাণিজ্যের প্রসার এবং সংগঠনের আজীবন সদস্য সংখ্যা বৃদ্ধি।
আইবিডব্লিউএফ গাইবান্ধা জেলা শাখার প্রধান উপদেষ্টা ও সংসদ সদস্য মো. আব্দুল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম প্রধান আলোচক ছিলেন। জেলা সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয়, আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ের সংগঠক, উপদেষ্টা, ব্যাংকার এবং ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা বলেন, সহজ শর্তে ও স্বল্প মূলধনে নতুন উদ্যোক্তাদের ব্যবসার সঙ্গে যুক্ত করা গেলে স্থানীয় শিল্প ও বাণিজ্যের প্রসার সম্ভব। তারা তরুণ ও নতুন উদ্যোক্তাদের সংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান এবং ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন। বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা অংশগ্রহণকারীরা স্থানীয় ব্যবসার সমস্যা, সম্ভাবনা ও উদ্যোক্তা তৈরির বিষয়ে মতামত দেন।