সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন; আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। বাংলাদেশ বলেছে, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়; এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।
বাংলাদেশ সৌদি সরকার ও দেশটির জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছে। চলমান সংকটের প্রেক্ষাপটে সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিক ও স্থাপনার সুরক্ষা এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে ঢাকা। সূত্র অনুযায়ী, শনিবার ইরান-সমর্থিত হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ১২ জন নিহত হন, যাদের মধ্যে চারজন সৌদি ও দুজন বাংলাদেশি নাগরিক ছিলেন।