বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সীমান্তবর্তী ৩২ জেলার জনগণ বিজিবিকে সহযোগিতা করে ভারতীয় পুশইন রুখতে প্রস্তুত। সোমবার রাজধানীর শাহবাগে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ‘ভারতের পুশইন, সীমান্ত হত্যা ও নির্যাতনের প্রতিবাদে’ বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় হলেও বন্ধুত্বের নামে দাদাগিরি মেনে নেবে না এবং প্রতিবেশী সম্পর্ক ন্যায্যতা ও সমতার ভিত্তিতে গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশে জামায়াত, খেলাফত মজলিসসহ বিভিন্ন দলের নেতারা ভারতের আগ্রাসী আচরণের নিন্দা জানান এবং সরকারের নতজানু পররাষ্ট্রনীতির সমালোচনা করেন। বক্তারা অভিযোগ করেন, ভারত তার মুসলিম নাগরিকদের বাংলাদেশে পুশইন করছে এবং বন্দী বিনিময় চুক্তি লঙ্ঘন করেছে। তারা ভারতীয় হাইকমিশনারকে তলব করার দাবি জানান এবং সীমান্ত হত্যাকাণ্ড বন্ধে সরকারের কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।
সমাবেশ শেষে শাহবাগ শহীদ ওসমান হাদী চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মৎস্য ভবন, জাতীয় প্রেস ক্লাব হয়ে পল্টনে গিয়ে শেষ হয়।