বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের সিদ্ধান্ত নেওয়ার সময় বিহারের প্রয়োজনীয়তা বিবেচনা করে ‘উপযুক্ত সিদ্ধান্ত’ নেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জনতা দল ইউনাইটেডের জাতীয় কার্যকরী সভাপতি ও বিহারের রাজ্যসভা সদস্য সঞ্জয় কুমার ঝাকে ২৮ আগস্ট লেখা চিঠিতে তিনি এ আশ্বাস দেন।
ফারাক্কা ব্যারাজে শুষ্ক মৌসুমের পানি প্রবাহ ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ৩০ বছর মেয়াদি চুক্তিটি স্বাক্ষরিত হয়। এর মেয়াদ এ বছরের ডিসেম্বরে শেষ হবে। ঝা গত ৬ আগস্ট রাজ্যসভায় বিশেষ উল্লেখের মাধ্যমে চুক্তি নবায়নে বিহারের স্বার্থ রক্ষার দাবি তুলেছিলেন।
জয়শঙ্কর জানান, পানিশক্তি মন্ত্রণালয়ের নেতৃত্বে বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট পক্ষকে নিয়ে চুক্তির বাস্তবায়ন ও ভবিষ্যৎ পর্যালোচনায় একাধিক বৈঠক হয়েছে। ২০২৩ ও ২০২৪ সালের চারটি পরামর্শ বৈঠকে বিহার সরকারের অনুমোদিত প্রতিনিধি অংশ নেন। ঝা এই আশ্বাসকে স্বাগত জানিয়ে বলেন, বিহার বৈজ্ঞানিক মূল্যায়নে নির্ধারিত পানীয় জল, সেচ ও শিল্পের জন্য প্রয়োজনীয় পানিই চায়, যাতে ১৩ কোটি মানুষ আগামী ৩০ বছর ঘাটতিতে না পড়েন।