ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে বলেছেন, ইরানের অবকাঠামোর ওপর যেকোনো মার্কিন হামলা বৈশ্বিক জ্বালানি ও অর্থনীতির ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। তিনি বলেন, এমন কোনো বিপর্যয় ঘটলে এর দায়ভার মার্কিন কর্মকর্তাদেরই নিতে হবে। স্থানীয় সময় ৫ এপ্রিল ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর সঙ্গে টেলিফোনে আলাপের সময় তিনি এই সতর্কতা দেন। আলোচনায় তারা মার্কিন-ইসরাইল আগ্রাসী যুদ্ধ সম্পর্কিত সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।
আরাগচি বলেন, ইরানের অবকাঠামোর ওপর হামলার হুমকি যুদ্ধাপরাধ ও গণহত্যাকে স্বাভাবিকীকরণের শামিল। তিনি সতর্ক করেন, এই হুমকি বাস্তবায়িত হলে ইরানের সশস্ত্র বাহিনী চূড়ান্ত ও ব্যাপক জবাব দেবে। তার মতে, এর পরিণতি শুধু ইরান বা অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক জ্বালানি ও অর্থনীতিতেও ধ্বংসাত্মক প্রভাব ফেলবে।
অন্যদিকে, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধ বন্ধের প্রয়োজনীয়তা এবং কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দেন। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা কনস্যুলার বিষয় নিয়েও আলোচনা করেন।