বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান এমপি সরকার, বিরোধী দল ও জনগণকে ঐক্যবদ্ধভাবে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি ঢাকা-১৫ আসনের চারটি ওয়ার্ড পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ডিএনসিসি প্রশাসক শফিকুর রহমান মিল্টনসহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডা. শফিকুর রহমান জানান, প্রধানমন্ত্রী সারাদেশের উন্নয়নের দায়িত্ব নিয়েছেন এবং ঢাকা-১৫ আসনের সমস্যাগুলো দেখভালের দায়িত্ব মীর শাহে আলমকে দিয়েছেন। ইব্রাহিমপুর, শেওড়াপাড়া, মনিপুর ও বাইশটেকি এলাকায় সড়ক, ড্রেনেজ ও পানির সমস্যা চিহ্নিত করা হয়েছে। সরকারি ও বিরোধী দলের নেতারা এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিরোধী দলীয় নেতার আহ্বানে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী তাকে এই দায়িত্ব দিয়েছেন, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন। ডিএনসিসি প্রশাসক মিল্টন সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।