Web Analytics
সরকার অনুমতি দিলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করবে—পুলিশ মহাপরিদর্শকের এমন বক্তব্যের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সোমবার, ২৬ অক্টোবরের সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি বক্তব্য প্রত্যাহার, আইজিপির জবাবদিহি নিশ্চিত এবং প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানায়। জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁকে দায়িত্ব থেকে অপসারণেরও আহ্বান জানানো হয়েছে।

টিআইবি বলেছে, বক্তব্যটি আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা মোকাবিলার বদলে বিচারবহির্ভূত হত্যাকে অপরাধ দমনের গ্রহণযোগ্য হাতিয়ার হিসেবে তুলে ধরার ঝুঁকি তৈরি করে। সংস্থাটির মতে, পুলিশের বলপ্রয়োগ আইনসম্মত, প্রয়োজনীয় ও আনুপাতিক হতে হবে। জীবন রক্ষার জন্য কঠোরভাবে অনিবার্য পরিস্থিতি ছাড়া ইচ্ছাকৃত প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহারের সুযোগ নেই। সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও অভিযোগ স্বাধীন সাংবাদিকতাকেও নিরুৎসাহিত করতে পারে বলে জানিয়েছে টিআইবি।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, পেশাদার তদন্ত ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে বিচারের মুখোমুখি করাই পুলিশের দায়িত্ব। তিনি বলেন, কোনো সরকারের অনুমতিই বিচারবহির্ভূত হত্যাকে বৈধতা দিতে পারে না। টিআইবি সরকারের কাছে আইজিপির বক্তব্যের আনুষ্ঠানিক ব্যাখ্যা, তা প্রত্যাহার, ক্ষমা প্রার্থনা এবং প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।