মিরপুরের রাড্ডা এমসি স্বাস্থ্যকেন্দ্রে হামলায় জড়িতদের আইনের আওতায় না আনলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিম। মঙ্গলবার সন্ধ্যায় বারিধারায় দলীয় কার্যালয়ে ঢাকা-১১, ১২ ও ১৭ আসনের থানা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রেজাউল করিম অভিযোগ করেন, হামলা ও ভাঙচুরে সরকারদলীয় দুই নারী এমপির সংশ্লিষ্টতা রয়েছে। গণমাধ্যমে তাদের পরিচয় প্রকাশের পরও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তাঁর ভাষ্য, আন্তর্জাতিক আইন অনুযায়ী হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে হামলা নিষিদ্ধ; এই স্বাস্থ্যকেন্দ্রের রোগীদের বড় অংশই অসহায় নারী ও শিশু।
তিনি বলেন, প্রতিষ্ঠানটি বিদেশি অনুদানের মাধ্যমেও পরিচালিত হয় এবং আইন লঙ্ঘন হলে বিদেশি সহযোগিতা কমার আশঙ্কা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের দুর্ভোগ নিরসনের দাবি জানান তিনি। কনটেন্ট ক্রিয়েটর ও জুলাই যোদ্ধা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে তিনি বলেন, তদন্তে যার বিরুদ্ধে প্রমাণ মিলবে, তার বিরুদ্ধেই আইনানুযায়ী ব্যবস্থা নিতে হবে।