জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চ মেয়াদে অর্থবছর চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার, ফলে দেশের প্রচলিত বাজেট কাঠামো বদলাচ্ছে। এই রূপান্তরের অংশ হিসেবে ২০২৭-২৮ অর্থবছর হবে নয় মাসের অন্তর্বর্তী অর্থবছর। জুলাই ২০২৭ থেকে মার্চ ২০২৮ সময়ের জন্য এ বাজেট প্রণয়ন করা হবে। ২০২৮-২৯ অর্থবছর থেকে পূর্ণাঙ্গ এপ্রিল-মার্চ মেয়াদ চালুর কথা রয়েছে।
এই পরিবর্তনে শুধু বাজেটের সময়সীমা নয়, রাজস্ব আদায়, উন্নয়ন ব্যয় ও সরকারি হিসাবরক্ষণেও পরিবর্তন আনতে হবে। ২০২৬-২৭ অর্থবছরের মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক কাঠামোসংক্রান্ত ওয়ার্কিং গ্রুপের বৈঠকে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের জিডিপি প্রবৃদ্ধি এবং অন্যান্য সূচক পর্যালোচনা করা হয়েছে। একই সঙ্গে অন্তর্বর্তী অর্থবছরের নয় মাসের সামষ্টিক সূচকের হিসাব নিয়েও আলোচনা হয়।
প্রবৃদ্ধির ধীরগতি, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি ও রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের অনিশ্চয়তার মধ্যে এ রূপান্তর হচ্ছে। বৈঠকে বলা হয়েছে, মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা কমছে; উৎপাদন ব্যয় বাড়ায় শিল্পের মুনাফা সংকুচিত হচ্ছে এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হচ্ছে। সংশ্লিষ্ট কমিটি আইন, সংবিধান, কর ও রাজস্ব কাঠামোর পরিবর্তন যাচাই করছে এবং নয়টি দপ্তর ও সংস্থার মতামত চেয়েছে।