জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদকে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার দেওয়া এই নিয়োগের মেয়াদ হবে এক বছর।
এহসান মাহমুদের সাংবাদিকতা ও সাহিত্যচর্চায় দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। তিনি দেশের বিভিন্ন গণমাধ্যম ও প্রতিষ্ঠানে কাজ করেছেন। তাঁর কর্মস্থলের মধ্যে দৈনিক সমকাল, দেশ রূপান্তর, ভয়েস অব আমেরিকা বাংলা, মানবজমিন ও নেত্র নিউজ রয়েছে। সাংবাদিকতার পাশাপাশি তিনি সৃজনশীল সাহিত্য, রাজনৈতিক বিশ্লেষণ এবং সমকালীন বাংলাদেশের নানা বিষয় নিয়ে লিখে আসছেন।
মাদারীপুর জেলায় জন্ম এহসান মাহমুদের। তাঁর পৈতৃক নিবাস বরিশালের মুলাদী উপজেলায়। রাজনীতি ও সমকালীন বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে তাঁর প্রবন্ধ এবং গবেষণাধর্মী বইও প্রকাশিত হয়েছে। এসব লেখায় বাংলাদেশের সমকালীন রাজনীতি, সমাজ ও বিভিন্ন ঘটনাপ্রবাহ নিয়ে তাঁর বিশ্লেষণ উঠে এসেছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তিনি এক বছরের জন্য জাদুঘরের মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন।