বিশ্বকাপসহ নিজেদের বাণিজ্যিক কার্যক্রমে নতুন কাঠামো আনার পরিকল্পনা নিয়ে বিতর্কের মধ্যে ফিফা বলেছে, তারা ফুটবল বা বিশ্বকাপের মালিকানা বিক্রি করতে চায় না। উয়েফার ৫৫ সদস্য এবং কনকাকাফ অঞ্চলের আরও ৪১ সদস্য সংস্থা প্রস্তাবটির বিরোধিতা করার পর শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি এই অবস্থান জানায়। ফিফার ভাষ্য, পরিকল্পনার উদ্দেশ্য সদস্য দেশগুলোর জন্য উন্নয়ন তহবিল ও বাণিজ্যিক সুযোগ বাড়ানো।
ফিফা জানিয়েছে, প্রস্তাবিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ হবে ফিফার সম্পূর্ণ মালিকানাধীন একটি সহযোগী প্রতিষ্ঠান। এর মাধ্যমে বাণিজ্যিক ও ইভেন্ট পরিচালনা কার্যক্রম আরও দক্ষ করার কথা বলা হয়েছে। সংস্থাটির দাবি, গণমাধ্যমে প্রকাশিত কিছু বিভ্রান্তিকর প্রতিবেদনে পরিকল্পনা নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে এবং নির্ধারিত পরামর্শ প্রক্রিয়া ব্যাহত হয়েছে।
ফিফা বলেছে, ২১১ সদস্য দেশের প্রত্যেকের প্রস্তাবটি পর্যালোচনা ও মত দেওয়ার অধিকার আছে; কোনো এক কনফেডারেশন পুরো সদস্যপদের প্রতিনিধিত্ব করতে পারে না। প্রস্তাব অনুযায়ী, ২০২৭ থেকে ২০৩০ পর্যন্ত প্রতিটি সদস্য সংস্থা ২ কোটি ডলার উন্নয়ন সহায়তা পাবে। আরও ২ কোটি ডলারের ঐচ্ছিক এককালীন তহবিলের পরিকল্পনাও আছে। সংখ্যাগরিষ্ঠ সমর্থন ছাড়া কাঠামোটি বাস্তবায়ন হবে না।