দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, সংবাদ সংস্থা ও অনলাইন গণমাধ্যমের চিফ রিপোর্টাররা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ, ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে (ডিআরইউ) আধুনিক ও স্বাবলম্বী প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানিয়েছেন। রোববার ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। বক্তারা সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ডিআরইউকে আরও কার্যকর ভূমিকা পালনের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্ব দেন।
আমার দেশ-এর এম আবদুল্লাহ, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সিদ্দিক ইসলামসহ বক্তারা সাংবাদিকদের বেতন কাঠামো সরকারি স্কেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার, অবসরভাতা ও বিনা মূল্যে চিকিৎসা সুবিধা চালুর দাবি জানান। তারা ডিআরইউর অরাজনৈতিক ভাবমূর্তি রক্ষা ও সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির আহ্বান জানান। ডিআরইউ নেতৃত্ব জানায়, সংগঠনের স্থায়ী আয়ের উৎস, আধুনিক মসজিদ কমপ্লেক্স, হেলথ কর্নার এবং ডিআরইউ ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সদস্য ও তাদের সন্তানদের জন্য ইংরেজি, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।