ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সব জাতীয় ছুটির আওতায় সাংবাদিকদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে। সংগঠনটি বলেছে, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলেও সাংবাদিকরা এর আওতায় নেই। এ অবস্থার পরিবর্তনে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে ডিআরইউ।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, জাতীয় ছুটির দিনে অধিকাংশ মানুষ পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটালেও সাংবাদিকরা সংবাদ সংগ্রহ ও পরিবেশনের দায়িত্ব পালন করেন। পেশাগত দায়িত্বের কারণে তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের বিষয়টি যথাযথ গুরুত্ব পায় না বলেও তারা উল্লেখ করেন।
নেতারা বলেন, সাংবাদিকতা জরুরি ও দায়িত্বশীল পেশা হলেও সাংবাদিকদের বিশ্রাম এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর অধিকার রয়েছে। সংবাদমাধ্যম সচল রাখার প্রয়োজন বিবেচনায় পালাক্রমে দায়িত্ব বণ্টন করে ছুটি নিশ্চিত করা সম্ভব। ডিআরইউ নোয়াব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে বলেছে এবং সাংবাদিকদের শ্রম, ত্যাগ, পেশাগত অবদান, ন্যায্য অধিকার ও মানবিক মর্যাদার স্বীকৃতির দাবি জানিয়েছে।