দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় ১৮০ মিলিয়ন মার্কিন ডলারের পাঁচ বছর মেয়াদি প্রকল্প সরকারি অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। বুধবার, ২ সেপ্টেম্বর ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে এডিবি প্রতিনিধিদলের পরামর্শ সভায় প্রস্তাবিত স্ট্রেনদেনিং এগ্রিকালচারাল টারশিয়ারি এডুকেশন প্রজেক্ট বা এসএটিইপি নিয়ে এসব তথ্য জানানো হয়। প্রকল্পটি ২০২৭ থেকে ২০৩২ সাল পর্যন্ত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
প্রাথমিক ব্যয়ের মধ্যে এডিবি ১০৫ মিলিয়ন এবং কোরিয়া এক্সিম ব্যাংক/ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ড ৫৫ মিলিয়ন ডলার অর্থায়ন করবে; অবশিষ্ট অর্থ দেবে বাংলাদেশ সরকার। এর আওতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে কৃষি গবেষণার উৎকর্ষকেন্দ্র ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক গবেষণা-জ্ঞান হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধিতেও সহায়তা দেওয়া হবে।
প্রকল্পে জলবায়ু-স্মার্ট শিক্ষা ও গবেষণা, আধুনিক অবকাঠামো, পাঠক্রম আধুনিকায়ন এবং শিক্ষক-গবেষকদের প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হবে। বাকৃবিতে আধুনিক ইনস্ট্রুমেন্টেশন সেন্টার স্থাপন এবং রিমোট সেন্সিং, জিপিএস, জিআইএস, ড্রোন, ডিজিটাল টুইন, ওয়েদার ও বিগ ডেটা অ্যানালিটিকস, বায়োটেকনোলজি ও রোবটিকসের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা আছে। গবেষণার বাণিজ্যিকীকরণ, শিল্প অংশীদারত্ব এবং তরুণদের জন্য প্রি-স্টার্টআপ, স্টার্টআপ ও ইনকিউবেশন সহায়তাও প্রস্তাবিত।