শান্তিপূর্ণ ও বেসামরিক পরমাণু শক্তি ব্যবহারে সহযোগিতার জন্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নিউইয়র্কে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনার পর স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর চুক্তিটি স্বাক্ষরিত হয়। শনিবার বিএনপি মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেকব হেলবার্গ চুক্তিতে সই করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে শান্তিপূর্ণ পরমাণু শক্তি ব্যবহারে সহযোগিতার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, নতুন চুক্তিটি তার ধারাবাহিকতা।
এর আগে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বেথানি পৌলোস মরিসন জানান, বেসামরিক পরমাণু শক্তি ব্যবহারে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে যাচ্ছে। তিনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির কথাও বলেন এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ ও বোয়িংয়ের সঙ্গে বড় বাণিজ্যিক চুক্তির উল্লেখ করেন।