সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। শনিবার কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন।
কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত দুটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাংগঠনিক নিষ্ক্রিয়তার কারণে ১২ জনকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন পাঁচ সহসভাপতি, দুই যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সহসাধারণ সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক, সহআইন সম্পাদক, সহতথ্য ও গবেষণা সম্পাদক এবং আপ্যায়ন সম্পাদক।
অপর বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ববি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিবকে সাময়িক বহিষ্কারের কথা বলা হয়েছে। দুটি বিজ্ঞপ্তিতেই বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট নেতাদের সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অভিযোগগুলোর বিস্তারিত কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।