আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, ২০১৩ সালের মে মাসে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে ৩২ জনকে হত্যার প্রমাণ পাওয়া গেছে। তিনি রোববার সাংবাদিকদের বলেন, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দীর্ঘ সময় ধরে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। চলতি মাসেই তদন্ত প্রতিবেদন দাখিল করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চিফ প্রসিকিউটর জানান, এই মামলায় মোট ২০ থেকে ২৫ জনকে আসামি করা হতে পারে, যার মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন। তবে তদন্তের স্বার্থে এখনই সব আসামির নাম প্রকাশ করা ঠিক হবে না বলে তিনি উল্লেখ করেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় প্রাথমিকভাবে নয়জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে চারজন বর্তমানে কারাগারে আছেন।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান ও সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম। বাকি আসামিদের মধ্যে কয়েকজন সাবেক মন্ত্রী ও পুলিশ কর্মকর্তা পলাতক আছেন।