রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনের সময় নিজ কক্ষে ধূমপানরত এক চিকিৎসককে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কক্ষটি অপরিচ্ছন্ন থাকায়ও তিনি অসন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর নির্দেশের পর সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার দুপুরে প্রধানমন্ত্রী হাসপাতালটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ, রোগীদের সেবার মান এবং সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকের এমন আচরণে প্রধানমন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী হাসপাতালের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি হাসপাতালের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং রোগীদের মানসম্মত সেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনাও দেন তিনি।