অবৈধ অভিবাসন ও আন্তঃদেশীয় অপরাধ দমন অভিযানে বাংলাদেশিসহ ২০ দেশের ৭২১ বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কম্বোডিয়া। তাদের মধ্যে ৯৫ জন নারী। গত ১১ অক্টোবর থেকে ১০ দিনের মধ্যে বহিষ্কারের এই কার্যক্রম পরিচালিত হয়। উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সার সকহার নির্দেশনায় অভিযানটি চলে।
ফেরত পাঠানোদের মধ্যে চীনের ৯০ জন নাগরিক ছিলেন, যার মধ্যে তিনজন নারী। অনলাইন প্রতারণায় জড়িত থাকার অভিযোগে বিশেষ বিমানে তাদের পাঠানো হয়। একই অভিযোগে ইন্দোনেশিয়ার ৩৫৫ জন নাগরিককে, যার মধ্যে ৫৪ জন নারী, টেকো আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বহিষ্কার করা হয়েছে। অন্যদের বিভিন্ন আন্তর্জাতিক সীমান্ত চেকপোস্ট দিয়ে ফেরত পাঠানো হয়।
কর্তৃপক্ষের তদন্তে বহিষ্কৃতদের বিরুদ্ধে অবৈধ সীমান্ত পারাপার, জাল নথি, পাসপোর্ট ছাড়া অবস্থান, চাঁদাবাজি, মুক্তিপণের জন্য অপহরণ, জাল ভিসা বা কিউআর কোড ব্যবহার, মাদক পাচার ও সেবন এবং অবৈধভাবে কাজের অভিযোগ পাওয়া যায়। প্রধানমন্ত্রী হুন মানেত অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী অনলাইন প্রতারণা চক্র ভাঙা, মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তার এবং বাধ্য হয়ে জড়ানো ব্যক্তিদের উদ্ধারে কাজ করছে।