অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের পর সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় বুধবার বিকেলে রংপুর সার্কিট হাউসে সুধী মতবিনিময় সভা হয়েছে। রংপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলালের আমন্ত্রণে আয়োজিত সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বিষয়ে আলোচনা হয়। এতে রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা, আইনজীবী, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা হত্যাকাণ্ডকে মর্মান্তিক ও উদ্বেগজনক উল্লেখ করে প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কেউ যেন সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। অধ্যাপক বেলাল বলেন, তদন্তাধীন মামলায় ঢালাও মন্তব্যের বদলে আইনি ও সুষ্ঠু তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার ওপর গুরুত্ব দেওয়া দরকার। মাহফুজ উন নবী ডন বলেন, অপরাধীর কোনো দল বা ধর্ম নেই।
গত ২২ আগস্ট মাছুয়াপাড়ার নিজ বাসা থেকে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, কন্যা আগামী ও পুত্র আয়ুশের লাশ উদ্ধার করে পুলিশ। রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়েছে। সভায় নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে তদন্তকারী সংস্থাকে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়।