অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স ২০১৮ সালের স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে উসমান খাজার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। শুক্রবার সিডনির ক্রিকেট সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুরো অস্ট্রেলিয়া দল স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি জানত—খাজার এমন দাবি ‘শতভাগ ভুল’, ভিত্তিহীন ও মানহানিকর। খাজার আত্মজীবনী ‘সবর’-এ ওঠা অভিযোগের জবাব দিতে প্রায় ৬৮ মিনিট সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন কামিন্স।
কামিন্স বলেন, গত আট বছর ধরে তিনি একই কথা বলে আসছেন যে মাঠে স্যান্ডপেপার নেওয়ার বিষয়ে তাঁর কোনো ধারণা ছিল না। তিনি ও দলের কয়েকজন খেলোয়াড় বল টেম্পারিংয়ের পরিকল্পনার মূল কারিগর ছিলেন—খাজারের এই দাবিও তিনি নাকচ করেন। তবে তিনি স্বীকার করেন, সে সময় দলে যেকোনো মূল্যে জয়ের মানসিকতা ছিল। তাঁর দাবি, অবৈধ পদ্ধতি ব্যবহারের কোনো মহাপরিকল্পনা, দলীয় সভা বা বোলারদের সম্মিলিত সিদ্ধান্ত ছিল না।
কেপটাউনের আগের পোর্ট এলিজাবেথ টেস্টে স্যান্ডপেপার ব্যবহারের অভিযোগও এ সপ্তাহে প্রথম জেনেছেন বলে জানান কামিন্স। কেপটাউন ঘটনার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে নিজের জানা সব তথ্য দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি। খাজারের মন্তব্যকে মানহানিকর মনে করলেও দীর্ঘদিনের বন্ধুত্বের কারণে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন না কামিন্স।