মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বুধবার চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা এপেকের সম্মেলনে বিশ্বের বহুপক্ষীয় কাঠামো পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিশ্ব ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদী যুগ পেরিয়ে আত্মবিশ্বাস ও দৃঢ়তার নতুন যুগে প্রবেশ করেছে।
আনোয়ার বলেন, বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশগুলোর অংশগ্রহণের আরও সুযোগ বাড়াতে হবে। ছোট দেশ ও উদীয়মান অর্থনীতিগুলোকে সম্মান, মর্যাদা ও সমতার ভিত্তিতে বিবেচনা করার কথাও বলেন তিনি। কোনো দেশের নিজেদের অবস্থান বা অভ্যন্তরীণ পরিস্থিতি অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
গুয়াংডং প্রদেশের শেনজেনে বুধবার শুরু হওয়া দুই দিনের সম্মেলনের প্রতিপাদ্য ‘একসঙ্গে সমৃদ্ধি ও ভবিষ্যৎ জয়’। এতে এপেকের ২১ সদস্য অর্থনীতির নেতা ও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও আনোয়ার ইব্রাহিম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও শেনজেন সফর এবং বিভিন্ন নেতার সঙ্গে বৈঠকের কথা রয়েছে।