বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান বলেছেন, কৃষক-কৃষাণীসহ সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে কৃষিতে সফলতা আসবে। মঙ্গলবার নোয়াখালী সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি পার্টনার কংগ্রেসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়রা ইসলাম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোশরেফুল হাসান।
অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মনসুর আহমেদ, সাবেক বিএনপি নেতা সলিম উল্যা বাহার হিরন, জসিম উদ্দিন ও সাংবাদিক লিয়াকত আলী খান বক্তব্য রাখেন। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণকারী কর্মকর্তা শফিকুল ইসলাম পাটোয়ার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। কৃষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও কৃষি কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
শাহজাহান রাসায়নিক ও কীটনাশকের ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, প্রযুক্তিনির্ভর কৃষিতে ক্ষতির পরিমাণ বেড়েছে। তিনি দাবি করেন, বিএনপির অতীত ও বর্তমান নেতৃত্ব কৃষিবান্ধব নীতি অনুসরণ করছে এবং কৃষকদের ন্যায্য মূল্যে সার, বীজ ও উপকরণ সরবরাহ করছে।