ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরানের প্রস্তাবিত সাত দিনের রোডম্যাপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া তারা দেখেছেন। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাব এখনো পায়নি ইরান। চূড়ান্ত সিদ্ধান্তের আগে ওয়াশিংটনের আনুষ্ঠানিক অবস্থানের অপেক্ষায় রয়েছে তেহরান।
শনিবার ট্রাম্প জানান, তিনি তেহরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি দাবি করেন, ইরান চুক্তি করতে চায়, কারণ ‘তারা মারা যাচ্ছে— তাদের টাকা আসছে না’। আরাগচি বলেন, ইরানের শর্তগুলো স্পষ্ট এবং হরমুজ প্রণালী পুনরায় খোলার যেকোনো পদক্ষেপ ওই শর্তগুলো পূরণের ওপর নির্ভর করবে।
আরাগচির ভাষ্য অনুযায়ী, শুধু আলোচনার মাধ্যমে সমাধানই যুক্তরাষ্ট্রকে বর্তমান অচলাবস্থা থেকে বের করে আনতে পারে। তেহরানের অবস্থান এটিই। সাত দিনের রোডম্যাপের মাধ্যমে যুদ্ধের অবসান ও প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়ে আলোচনা চলছে, কিন্তু প্রস্তাবটি নিয়ে ওয়াশিংটনের আনুষ্ঠানিক অবস্থান এখনো মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের কাছে পৌঁছায়নি।