দেশের প্রথম শতভাগ রোভার জেলা হিসেবে স্বীকৃতি পাওয়ার গৌরব এবং জেলা রোভারের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জেলা স্কাউটস ও কিশোরগঞ্জ জেলা রোভারের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা স্কাউট কামরুল হাসান মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।
বক্তারা বলেন, স্কাউটিং কেবল সংগঠনভিত্তিক কার্যক্রম নয়; এটি তরুণদের নৈতিকতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ বিকাশের কার্যকর মাধ্যম। তাদের ভাষ্য, ‘প্রস্তুত থাকো’ স্কাউটিংয়ের মূল চেতনা, যা তরুণদের যেকোনো পরিস্থিতিতে দায়িত্বশীল ও সেবামুখী ভূমিকা পালনে উদ্বুদ্ধ করে।
বক্তারা দুর্যোগ মোকাবিলা, জনসচেতনতা, পরিবেশ সংরক্ষণ, সামাজিক ও মানবিক কাজ এবং জনসেবায় স্কাউট ও রোভার স্কাউটদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তারা এ অর্জনের সঙ্গে যুক্ত রোভার স্কাউট, স্কাউট লিডার, শিক্ষক ও সংগঠকদের অভিনন্দন জানান। অনুষ্ঠানে দেশপ্রেম, মানবিকতা, ঐক্য, সেবা ও তারুণ্যের শক্তি নিয়ে সাংস্কৃতিক পরিবেশনা হয় এবং ভবিষ্যতে মানবসেবা ও সমাজকল্যাণে আরও বড় পরিসরে সম্পৃক্ততার প্রত্যয় ব্যক্ত করা হয়।