জাতীয় সংসদে উত্থাপিত ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’-এ মুসলমানদের পারিবারিক ও সামাজিক বিধিব্যবস্থার পাশাপাশি শরিয়াহর সুস্পষ্ট বিধানের পূর্ণাঙ্গ প্রতিফলন নিশ্চিত করার দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সোমবার দলের খাস কমিটির বৈঠকে এ দাবি জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং পরিচালনা করেন মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
নেতারা বলেন, বৃদ্ধ বয়সে পিতা-মাতার নিরাপত্তা, চিকিৎসা, ভরণ-পোষণ ও সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করা সন্তানের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। প্রবীণ পিতা-মাতার অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে সরকারের যেকোনো ইতিবাচক উদ্যোগ প্রশংসনীয় বলেও তারা উল্লেখ করেন। তবে মুসলমানদের সম্পত্তি বণ্টন, উত্তরাধিকার, হেবা ও মালিকানা হস্তান্তর শরিয়াহর সুস্পষ্ট বিধানের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত বলে তারা জানান।
জমিয়ত বলেছে, নতুন আইন বা কোনো ধারা যেন কোরআন-সুন্নাহ নির্ধারিত মিরাস ও হেবার বিধানের সঙ্গে সাংঘর্ষিক না হয়। বিল চূড়ান্তের আগে শীর্ষস্থানীয় মুফতি, ফকিহ, আলেম ও ইসলামী আইন বিশেষজ্ঞদের মতামত নেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে বিশেষজ্ঞ শরিয়াহ বোর্ডের মাধ্যমে প্রতিটি ধারা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন আনার কথাও বলেছে দলটি।