ভবিষ্যতে সম্ভাব্য বন্দিবিনিময়ের কথা বিবেচনায় ইসরাইল প্রায় ১ হাজার ৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে বলে অভিযোগ উঠেছে। ইসরাইলি দৈনিক হারেৎস মঙ্গলবার নাম প্রকাশে অনিচ্ছুক দুই সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ইসরাইলের নিরাপত্তাকাঠামোর ভেতরে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি ভবিষ্যতে কোনো ইসরাইলি নাগরিক আটক বা নিখোঁজ হলে সম্ভাব্য বন্দিবিনিময়ের জন্য ফিলিস্তিনিদের মরদেহ আটকে রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। ইসরাইলি সামরিক বাহিনীও এ অবস্থানকে সমর্থন করছে বলে দাবি করা হয়েছে।
এর আগে ২০২৫ সালের অক্টোবরে একটি ফিলিস্তিনি অধিকার সংগঠন জানিয়েছিল, গাজায় নিহত প্রায় ১ হাজার ৫০০ ফিলিস্তিনির মরদেহ সেদে তেইমান সামরিক স্থাপনায় আটকে রেখেছে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর অন্তত ১ হাজার ২৫৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অধিকার সংগঠনগুলো মরদেহ ফেরত ও ধর্মীয়-পারিবারিক রীতিতে দাফনের সুযোগের দাবি জানিয়ে আসছে।