বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের গ্লোবাল ডিপোজিটরি রিসিপ্টস (জিডিআর) লন্ডন স্টক এক্সচেঞ্জে (এলএসই) ২৬ জুন থেকে পুনরায় লেনদেন শুরু হয়েছে। ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) ২৭ জুন এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থগিতাদেশ প্রত্যাহারের পর কোম্পানিটি আবার লেনদেনে ফিরেছে। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী ও পরবর্তী প্রতিবেদন প্রকাশে বিলম্বের কারণে চলতি বছরের ২ জানুয়ারি থেকে জিডিআর লেনদেন স্থগিত ছিল।
সূত্রে জানা যায়, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর পুনর্গঠিত বিএসইসি বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদে নয়জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিলে কোম্পানিটি আদালতে রিট দাখিল করে। এই বিরোধের কারণে আর্থিক বিবরণী অনুমোদন বিলম্বিত হয় এবং এলএসইতে লেনদেন স্থগিত হয়।
বিনিয়োগকারীদের অনুরোধে বিএসইসি, ডিবিএ ও কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সমন্বয়ে ২৩ জুন বিশেষ বোর্ড সভায় সব বকেয়া আর্থিক বিবরণী অনুমোদিত হয়। এরপর এলএসই স্থগিতাদেশ প্রত্যাহার করে। ডিবিএ জানায়, এই সিদ্ধান্ত বাংলাদেশের পুঁজিবাজারের আন্তর্জাতিক ভাবমূর্তি ও বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়াবে।