স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার মাধ্যমে রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন। রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
আলোচনা সভার আগে অতিথিরা জিয়াউর রহমানের জীবন, কর্ম ও রাজনৈতিক দর্শনভিত্তিক আলোকচিত্র ও তথ্যসংবলিত প্রদর্শনী পরিদর্শন করেন। মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানের জীবন ও রাষ্ট্রচিন্তা নিয়ে আরও গবেষণা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি অবদান হলো বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, যা জনগণের রাজনৈতিক অংশগ্রহণ বাড়িয়েছে।
জহির উদ্দিন স্বপন বলেন, জিয়াউর রহমান স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের বিকাশে সহায়ক ভূমিকা পালন করেছিলেন এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে ইতিবাচক অবস্থান নিয়েছিলেন।