দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকালে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিক্ষার্থীদের মাদকাসক্তি ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।
বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের প্রক্রিয়া, সদস্যসংখ্যা, দায়িত্ব কিংবা কার্যক্রম সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। এ সিদ্ধান্তের আগে শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং এ-সংক্রান্ত গঠিত কমিটিগুলোর কাজ গতিশীল ও দৃশ্যমান করার নির্দেশনা দেওয়া হয়েছিল।
গত ৩০ জুন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে মাদকের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। চিঠিতে শিক্ষা মন্ত্রণালয়ের আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৭ জুন অনুষ্ঠিত সপ্তম সভার কার্যবিবরণীর কথা উল্লেখ করা হয়। সেখানে মাদকের কুফল নিয়ে প্রচার বাড়ানো, জনসম্পৃক্ততা নিশ্চিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটিগুলোর কার্যক্রম কার্যকর করার সিদ্ধান্তের কথা বলা হয়।