সৌদি আরবের শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় রয়্যাল এয়ারফোর্সের টাইফুন যুদ্ধবিমান দিয়ে ‘প্রতিরক্ষামূলক আকাশ প্রতিরক্ষা অভিযান’ চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত এক মাসে ইরান-সমর্থিত ইয়েমেনি হুথিরা সৌদির তেল স্থাপনা, বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা বাড়ানোর প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত জানানো হয়।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র বলেন, যুক্তরাজ্য ইতিমধ্যে সৌদি আরবকে আকাশে জ্বালানি সরবরাহে সহায়তা করছে। দেশটির প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ও ব্রিটিশ সামরিক সদস্যও মোতায়েন করা হয়েছে। টাইফুন যুদ্ধবিমান সৌদি আরবের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করবে, তবে ইয়েমেনের ভেতরে কোনো আক্রমণাত্মক হামলা চালাবে না।
হুথিদের ক্রমবর্ধমান হামলার মুখে সৌদি আরব আঞ্চলিক ও পশ্চিমা মিত্রদের সামরিক সহায়তা চাইছে। ফ্রান্স সামরিক সদস্য ও প্রতিরক্ষা সরঞ্জাম পাঠাতে সম্মত হয়েছে। সদ্য গঠিত যৌথ বাহিনীর কমান্ডের অধীনে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তার জন্য শতাধিক মার্কিন সামরিক উপদেষ্টা সৌদি আরবে অবস্থান করছেন। পাকিস্তানি সামরিক সদস্যও সেখানে মোতায়েন রয়েছেন এবং মিসরের পার্লামেন্ট সম্ভাব্য সহায়তা নিয়ে আলোচনা করছে।