চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. জসিমউদ্দীন প্রধান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার রাতে মতলব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত যুব ও সুধী সমাবেশে তিনি দলের আদর্শ ও কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে সহযোগী সদস্য ফরম পূরণ করেন। তিনি ২০২৫ সালের ১৯ আগস্ট থেকে মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চাঁদপুর-২ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা ডা. আবদুল মোবিন। জেলা ও উপজেলা জামায়াতের নেতারা বলেন, সমাজে আদর্শিক ও মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠায় সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, জসিমউদ্দীনের যোগদান স্থানীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
জসিমউদ্দীন বলেন, কোরআন ও সুন্নাহর ভিত্তিতে দেশ পরিচালনার প্রত্যাশা থেকেই তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এবং আগে কোনো রাজনৈতিক দলে যুক্ত ছিলেন না।