বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার শিমাদা তোমোকির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে শিমাদা তোমোকি ডা. শফিকুর রহমানকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়ে বিরোধীদলীয় নেতা মনোনীত হওয়ায় অভিনন্দন জানান।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো, মানবসম্পদ, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেন। ডা. শফিকুর রহমান বাংলাদেশে একটি বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল স্থাপনে জাপানের সহযোগিতা কামনা করেন।
জাপানের পক্ষ থেকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতায় ভূমিকার প্রশংসা করা হয় এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ জানানো হয়। ডা. শফিকুর রহমান জাপানের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা করেন।