রাষ্ট্রপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশি ও বিদেশি কর্মসংস্থানের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম তৈরির আহ্বান জানিয়েছেন। অযথা বেকার সৃষ্টি রোধে তিনি এই পদক্ষেপের ওপর গুরুত্ব দেন। সোমবার দুপুরে বঙ্গভবনে উপাচার্য অধ্যাপক ড. এ. এস. এম. আমানুল্লাহর নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
সাক্ষাতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কর্মমুখী শিক্ষা, সিলেবাস পরিবর্তন এবং সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। শিক্ষকদের মর্যাদা, পেশাগত সুযোগ-সুবিধা ও কল্যাণমূলক ব্যবস্থা উন্নয়নে সহযোগিতাও চান তিনি। রাষ্ট্রপতি সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, অতীতের ফ্যাসিবাদী শাসনামলে কৃত্রিমভাবে পাশের হার বাড়িয়ে শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নেওয়া হয়েছিল।
রাষ্ট্রপতি প্রযুক্তি, কারিগরি শিক্ষা, স্বাস্থ্যসেবা, সহযোগী স্বাস্থ্যসেবা, টিএএফই ও আইসিটিতে ছয় মাস ও এক বছরের স্বল্পমেয়াদি দক্ষতা উন্নয়ন কোর্স চালুর আহ্বান জানান। তাঁর মতে, কর্মমুখী এসব কার্যক্রম আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তি গড়ে তুলতে এবং বৈদেশিক কর্মসংস্থান বাড়াতে সহায়ক হবে। তিনি পর্যায়ক্রমে প্রতিটি জেলায় পারফর্মিং আর্টস কলেজ স্থাপনের ওপরও গুরুত্ব দেন এবং প্রস্তাবিত সমাবর্তনে উপস্থিত থাকার আমন্ত্রণ গ্রহণ করেন।