জাতীয় নাগরিক পার্টির নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। শুক্রবার গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি চলমান তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তার অভিযোগ, তদন্ত ভালোভাবে শুরু হওয়ার আগেই মন্ত্রী যেন এর সম্ভাব্য ফলাফল বলে দিয়েছেন।
নুসরাত বলেন, তদন্ত চলাকালে সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে কোনো ফলাফল ঘোষণা করা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে এবং এটি অনাকাঙ্ক্ষিত। তবে তিনি তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তাদের ওপর আস্থা রাখতে চান। তার আশা, সংশ্লিষ্ট কর্মকর্তারা অন্তত কিছুটা নিরপেক্ষতা বজায় রেখে শুদ্ধ ও সঠিক প্রতিবেদন দেবেন।
তদন্ত কমিটির কাছে আবার জবানবন্দি দিতে হওয়ায়ও বিস্ময় প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, তিনি মামলার বাদী এবং তার এজাহারই মামলার মূল ভিত্তি। তিনি জানান, সেখানে তাকে জেরা বা প্রশ্ন করা হয়নি, কেবল জবানবন্দি নেওয়া হয়েছে। কারও নাম না নিয়ে তিনি বলেন, কিছু কর্মকর্তা নিরপেক্ষ থাকলেও অন্যদের মধ্যে বিশেষ মহলের প্রতি বেশি বিশ্বস্ততা দেখানোর চেষ্টা লক্ষ্য করেছেন।