রাজধানী ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার সন্ধ্যার সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সাম্প্রতিক সহিংস ঘটনায় সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে।
জামায়াত মিরপুরের একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভবন গুঁড়িয়ে দেওয়া ও মালামাল লুটের অভিযোগ তুলে ধরে। দলটি ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে অস্ত্র নিয়ে হামলা, ভাঙচুর ও ডাকাতির কথাও উল্লেখ করে। পাশাপাশি মোহাম্মদপুরে জমি দখলের মহড়া, রাজশাহীতে ব্যবসায়ী হত্যা, নয়াপল্টনের হাসপাতালে মধ্যরাতের হামলা এবং কুষ্টিয়ায় ২১টি বাড়িতে ধারাবাহিক লুটপাটের উদাহরণ দেওয়া হয়।
দলটির দাবি, হাটবাজার, চাঁদাবাজি, সারের ডিলারশিপ ও বিভিন্ন সেবামূলক কার্যক্রমে ক্ষমতাসীনদের প্রভাব এবং অভ্যন্তরীণ কোন্দল পরিস্থিতি আরও খারাপ করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার অভাবের সমালোচনা করে জামায়াত দখলবাজি ও চাঁদাবাজি বন্ধের আহ্বান জানায়। সাম্প্রতিক হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়।